আমাদের দেশে সৌখিন পাখি পালকরা অনেক প্রজাতির পাখি পালন করে থাকেন যেমন বাজরিগার, ডাভ, জাভা, ফিঞ্চ, লাভ বার্ড ইত্যাদি।
এদের মধ্যে ফিঞ্চ প্রজাতি হিসেবে পাখি প্রেমিদের মাঝে ভীষণ জনপ্রিয়। ছোট্ট পাখি তার নিজগুনে এই জনপ্রিয়তা অর্জন করেছে এবং অন্যান্য সৌখিন পাখির মতই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ফিঞ্চের অনেকগুলো প্রজাতি আছে যেমন ডায়মন্ড ফায়ার টেইল , লং টেল , বাংলিশ, জেব্রা ও লেডি গোল্ডিয়ানফিঞ্চ এদের মধ্যে অন্যতম।
এদের মধ্যে জেব্রা ও লেডি গোল্ডিয়ানফিঞ্চ অনেক জনপ্রিয়। এদের আদিনিবাস অস্ট্রেলিয়া। তবে সৌখিন পাখি হিসেবে এটি সারা বিশ্বে দেখা যায়।
কেন এর জনপ্রিয়তা সবচেয়ে বেশিঃ
সব সৌখিন পাখি পালকেরা সব সময় এক রকম পাখি পালন করেনা। বাজরিগার দিয়ে শুরু করলেও অনেকেই পরে আস্তে আস্তে ককাটেল, ডাভ, লাভ বার্ড বা ফিঞ্চের দিকে যায়। এর কারণ যেটা হতে পারে, এটি মুল্যবান পাখি, সহজেই পোষ মানে, ব্রিডিং সহজ এবং সর্বোপরি অর্থনৈতিক ভাবে বেশ লাভজনক। আর বিচিত্র বর্ণের কারনে সহজেই যে কোন পাখি প্রেমিককে কাছে টানে।
জেব্রাফিঞ্চঃ
অন্যান্য ফিঞ্চের তুলনায় এই এটি সহজলভ্য। এটির দামও অনেক কম এবং পাখিপ্রেমিকদের কাছে বেশি দেখা যায়। এটি খুবই মিশুক প্রকৃতির পাখি। এদের বর্ণিল রঙ এবং সুমিষ্ট ডাক পাখিপ্রেমিকদের কাছে টানে।
যারা প্রথম বারের মত ফিঞ্চ পালন করতে যাচ্ছেন তাদের জন্য জেব্রাফিঞ্চ আদর্শ কারণ জেব্রাফিঞ্চ লালন-পালন এবং ব্রিড করাটা তুলনামূলক সহজ । যদিও জেব্রাফিঞ্চ খাঁচার মধ্যে ব্রিড করা সম্ভব , তবুও একটু বড় সেটআপ নেয়াটা ভালো। জেব্রাফিঞ্চ খাঁচা কিংবা কলোনি দুভাবেই ব্রিড করানো সম্ভব।
ফিঞ্চের খাদ্যঃ
খাবার হিসেবে মিলেট, অঙ্কুরিত শিম ,এগ ফুড কিংবা সবুজ শাক-সব্জি ফিঞ্চের খুব পছন্দ কিন্তু ক্যাটল বোন এবং গ্রিট পছন্দের তালিকায় আছে ।
ব্রিড করার উপযুক্ত সময়ঃ ব্রিড করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল কারণ বর্ষাকালে খাদ্যের প্রাচুর্য বেশি থাকে তবে খাঁচার জেব্রা ফিঞ্চ সারা বছরই ব্রিড করে ।
প্রজনন এ ফিঞ্চঃ
জেব্রাফিঞ্চ সাধারণত ২ থেকে ৩ মাসের মধ্যেই প্রজননের সক্ষমতা অর্জন করে। তবু বেশিরভাগ ব্রিডারই ব্রিড শুরু করার জন্য ৬ থেকে ৯ মাস পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন। এতে মা এবং উভয়েই সুস্থ থাকে। এক একটি ফিঞ্চ প্রতি বারে ৩-১২ টি পর্যন্ত ডিম পাড়ে । মধ্যবয়সে ৮-১২ টি পর্যন্ত ডিম পেড়ে থাকে ।
গোল্ডিয়ানফিঞ্চঃ
গোল্ডিয়ান ফিঞ্চকে লেডী গোল্ডিয়ানফিঞ্চ অথবা রেইনবোফিঞ্চও বলা হয়। ফিঞ্চ প্রজাতিগুলোর মধ্যে গোল্ডিয়ানফিঞ্চ সবচেয়ে বেশি আকর্ষণীয় ।
গোল্ডিয়ান ফিঞ্চের খাদ্যঃ
গোল্ডিয়ানফিঞ্চ খাবার হিসেবে বিভিন্ন ধরনের ফল যেমন,স্লাইস করা আপেল, কলা,পেয়ারা, আম, তরমুজ, কমলা, আনারস সহ সবুজ সব্জি যেমন, অঙ্কুরিত শিম, বাঁধাকপি, ফুলকপি,গাজর ( স্লাইস করা), স্লাইস করা আঙ্গুর, সবুজ শিম ( রান্না এবং ভর্তা করা), মটরশুটি ( রান্না এবং ভর্তা করা), কুমড়ো, ছাড়াও সেদ্ধ ডিম, গোল আলু ( সেদ্ধ এবং খোসা ছাড়া), মিষ্টি আলু (সেদ্ধ এবং খোসা ছাড়া) এবং ভাত ( সেদ্ধ ) গ্রহণ করে থাকে ।
ব্রিড করানোর উপযুক্ত সময়ঃ
গোল্ডিয়ানফিঞ্চ সাধারণত ৬ থেকে ৯ মাসের মধ্যে প্রজননের সক্ষমতা অর্জন করে থাকে। প্রতিটি গোল্ডিয়ানফিঞ্চ প্রতিবারে সর্বনিন্ম ৩ টি থেকে সর্বোচ্চ ৮টি ডিম দিয়ে থাকে । মুক্ত বন্য গোল্ডিয়ানফিঞ্চ যেখানে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ব্রিড করে থাকে সেখানে উপযুক্ত ব্রিড করার পরিবেশ পেলে খাঁচার গোল্ডিয়ান সারা বছরই ব্রিড করে থাকে ।
ফিঞ্চ ব্রিড করানোর পূর্বে করনীয়ঃ
গোল্ডিয়ানকে ব্রীড করানোর পূর্বে আপনাকে ব্রিডিং করার মত যথেষ্ট জায়গা, পর্যাপ্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে । ব্রিডিং করানোর জন্য অপেক্ষাকৃত তরুণ, বয়স কমপক্ষে ৬ থেকে ৯ মাস, শারীরিক ভাবে সুস্থ সবল আঘাতমুক্ত পাখি বেছে নেয়া উচিত যেটা অবশ্যই ব্রিড করতে পারে এবং তারপর সেটার জন্য আলাদা খাঁচার ব্যাবস্থা করতে হবে। তারপর আপনাকে স্থির করতে হবে কি প্রক্রিয়ায় আপনি ব্রিডিং করবেন খাঁচার মধ্যে রেখে করবেন না কলোনি ব্রিডিং করবেন ।

